
আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদ্যাপন নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সীমান্ত এলাকায় বিশেষ নজরদারিসহ সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকবেন বাহিনীর প্রায় ১০ হাজার সদস্য। এ সময় সীমান্তসংলগ্ন ও ব্যাটালিয়ন সদর দপ্তরের কাছাকাছি অবস্থিত ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন তারা।
সোমবার (১২ অক্টোবর) বিজিবি সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, আন্তর্জাতিক সীমান্তের আট কিলোমিটারের মধ্যে অবস্থিত পূজামণ্ডপ এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের কাছাকাছি এলাকার মণ্ডপগুলোতে নিরাপত্তা সহায়তা দেবে বিজিবি। পাশাপাশি দুর্গম ও দূরবর্তী এলাকায় দ্রুত টহল এবং জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সহায়তা নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী অস্থায়ী ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
রাজধানীতে বিজিবির দায়িত্ব প্রসঙ্গে লে. কর্নেল মাহবুব মুর্শেদ রহমান বলেন, সরকারি নির্দেশনা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী ঢাকায় দায়িত্বের পরিধি নির্ধারণ করা হবে। জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া এবং গুরুত্বপূর্ণ স্থাপনা ও এলাকায় নিরাপত্তা জোরদারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করতে প্রস্তুত রয়েছে বিজিবি।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সনাতন ধর্মাবলম্বীরা যেন নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে তাদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্ত এলাকায় নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হবে।