News update
  • এলজিইডি প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনের প্রতিবাদ     |     
  • জাতীয় প্রেস ক্লাব সদস্য মৃণাল কৃষ্ণ রায় আর নেই     |     
  • প্রধানমন্ত্রী তারেক রহমান মহেশখালীর উদ্দেশে ঢাকা ছাড়লেন     |     
  • বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৫তম     |     
  • হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের ছয় শর্ত     |     
বঙ্গলোক ডেস্ক প্রথম পাতা 2026-08-01, 12:09pm

উগ্রবাদ ও ধর্মভিত্তিক বিভাজনের বিরুদ্ধে ঐক্যের আহ্বান মির্জা ফখরুলের

fakrul-1-1-f84d9964a6d2485cb5ef8e581ff4cdda1785564573.jpg

ছবি- সংগৃহীত


ধর্মের ভিত্তিতে দেশকে বিভক্ত করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, দেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। গত ১৫ বছরে গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে এখন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে এবং সবাইকে সেই লক্ষ্যেই কাজ করতে হবে।

তিনি বলেন, দেশের কৃষ্টি-সংস্কৃতি, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করেই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। তার মতে, মুক্তিযুদ্ধকে অস্বীকার করার সুযোগ নেই, একইভাবে গণতন্ত্র প্রতিষ্ঠায় জীবন উৎসর্গকারীদের অবদানও অস্বীকার করা যায় না।

বিএনপি মহাসচিব বলেন, ধর্মের ভিত্তিতে বিভাজন সৃষ্টি, উগ্রবাদ ও মৌলবাদের কোনো স্থান বাংলাদেশে হওয়া উচিত নয়। তিনি একটি উদারপন্থী ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, তারা যেন নিরাপদ বোধ করেন, সে বিষয়ে সরকার সবসময় পাশে থাকবে। পাশাপাশি ধর্মের নামে বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, নির্বাচনে সনাতন ধর্মাবলম্বীদের একটি বড় অংশ বিএনপির রাজনীতিকে সমর্থন দিয়েছেন, এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সেই সম্প্রীতির পরিবেশ বজায় রাখার আশা ব্যক্ত করেন।