
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে অন্তত ৭ হাজার একর এলাকা পুড়ে গেছে। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে অন্তত ৭ হাজার একর এলাকা পুড়ে গেছে। আগুনে ৭০০টির বেশি বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় স্পোকেন অঞ্চল থেকে প্রায় ৬৫ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। অঙ্গরাজ্যজুড়ে জরুরি অবস্থাও ঘোষণা করেছেন গভর্নর বব ফার্গুসন।
কর্তৃপক্ষ জানিয়েছে, শুষ্ক আবহাওয়া ও প্রবল দমকা হাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। স্পোকেন ও আশপাশের এলাকায় প্রায় ২১ বর্গকিলোমিটার এলাকা পুড়ে গেছে। এখনো ওল্ড ট্রেইলস, ফেয়ারভিউ ও মেডোভিউ—এই তিনটি বড় দাবানল সক্রিয় রয়েছে।
দাবানলের কারণে স্পোকেন ভেটেরান্স অ্যাফেয়ার্স হাসপাতালের রোগীদেরও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় ভিডিওতে দেখা গেছে, আগুনে একাধিক ভবন জ্বলছে এবং আবাসিক এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে ঘন কালো ধোঁয়া।
এদিকে পশ্চিম আইডাহো ও পূর্ব ওরেগনেও টানা দশম দিনের মতো দাবানল নিয়ন্ত্রণে বুলডোজার ও হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। সেখানে প্রায় ১ হাজার ৩৬০ বর্গকিলোমিটার তৃণভূমি পুড়ে গেছে। আরও ৭০০টির বেশি বাড়ি ও প্রায় ৮০০টি স্থাপনা ঝুঁকির মধ্যে রয়েছে।
মার্কিন সিনেটর মারিয়া ক্যান্টওয়েল সতর্ক করে বলেছেন, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি; আগামী কয়েক দিন আরও কঠিন হতে পারে। এদিকে পূর্ব ওয়াশিংটন, পূর্ব ওরেগন, পশ্চিম ও মধ্য আইডাহো এবং পশ্চিম মন্টানায় বায়ুদূষণ সতর্কতা জারি করা হয়েছে। কয়েকটি দাবানল বজ্রপাত থেকে শুরু হয়েছে বলে ধারণা করছেন কর্মকর্তারা।
সূত্র: সিএনএন