News update
  • এলজিইডি প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনের প্রতিবাদ     |     
  • জাতীয় প্রেস ক্লাব সদস্য মৃণাল কৃষ্ণ রায় আর নেই     |     
  • প্রধানমন্ত্রী তারেক রহমান মহেশখালীর উদ্দেশে ঢাকা ছাড়লেন     |     
  • বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৫তম     |     
  • হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের ছয় শর্ত     |     
বঙ্গলোক রিপোর্ট জাতীয় 2026-08-04, 9:59am

১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

46645546564-75cd92b61ec6460062eb0fab27d90c421785815951.jpg


জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের (ইউএনজিএ-৮১) উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নিতে আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সম্ভাব্য সূচি অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে তার। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ৮ থেকে ১০ দিনের হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। এছাড়া তার সম্মানে নিউইয়র্কে একটি নাগরিক সংবর্ধনার আয়োজনের প্রস্তুতিও চলছে।


সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, নিউইয়র্কের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে যাবেন। সেখানে দুই দিনের একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার। এরপর সেখান থেকেই দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।


প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সফর সফল করতে নানা প্রস্তুতি নিচ্ছেন। নিউইয়র্কে বড় পরিসরে নাগরিক সংবর্ধনার আয়োজনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। এ উপলক্ষে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিউইয়র্কে সমবেত হতে পারেন বলে জানা গেছে।


প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী গণমাধ্যমকে বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের কথা রয়েছে। তবে সফরের চূড়ান্ত শিডিউল এখনো নির্ধারণ হয়নি। সফরসূচি চূড়ান্ত করার কাজ চলছে।


কূটনৈতিক ও দলীয় সূত্রের বরাতে জানা গেছে, আগামী ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর বহর নিউইয়র্কে পৌঁছাতে পারে। সফরকালে তিনি বিশ্বনেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকে অংশ নিতে পারেন। এছাড়া আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরের মূল মিলনায়তনে সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বনেতাদের উদ্দেশে ভাষণ দেওয়ার সম্ভাবনা রয়েছে।


সংশ্লিষ্টরা বলছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্বকে ঘিরে বিশেষ গুরুত্ব তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফরও কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।


সরকার গঠনের পর প্রথম বিদেশ সফর হিসেবে গত ২১ থেকে ২৬ জুলাই মালয়েশিয়া ও চীন সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই সফরে দুই দেশের সঙ্গে জনশক্তি রপ্তানি, পণ্য আমদানি-রপ্তানি ও করিডোর স্থাপনসহ বিভিন্ন বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) ও চুক্তি স্বাক্ষরিত হয়।


এরপর কয়েকটি দেশ সফরের আমন্ত্রণ পেলেও জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী আপাতত অন্য কোনো দেশ সফরে যাচ্ছেন না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।