News update
  • এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ     |     
  • জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর     |     
  • ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকার ঋণ আত্মসাতের অভিযোগে দুদকে মামলা     |     
  • এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ     |     
  • দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশে আবারও জাতীয় সংসদে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।     |     
বঙ্গলোক ডেস্ক খেলাধুলা 2026-08-11, 12:16am

মেসি-সুয়ারেজের সঙ্গে আবার ‘এমএসএন’, মিয়ামিতে নেইমার?

neymar-70080aa08b4fe2b66aae3baea7e4a99f1786385769.jpg


সান্তোসের সঙ্গে ডিসেম্বরেই সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন নেইমার। এরপর কোথায় যাবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে ব্রাজিলিয়ান এই তারকার সম্ভাব্য গন্তব্য হিসেবে যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামির নাম উঠে এসেছে।


স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার এক প্রতিবেদনে বলা হয়েছে, সান্তোসের সঙ্গে চুক্তি শেষ হলে নেইমারকে দলে নেওয়ার বিষয়ে মিয়ামির আগ্রহ থাকতে পারে। তবে দুই পক্ষের মধ্যে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক চুক্তি বা আলোচনার খবর নেই।


ইন্টার মিয়ামিতে গেলে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে আবারও সতীর্থ হবেন নেইমার। বার্সেলোনায় ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত একসঙ্গে খেলেছিলেন এই তিন তারকা। ‘এমএসএন’ নামে পরিচিত সেই আক্রমণত্রয়ী বার্সেলোনাকে উপহার দিয়েছিল নয়টি শিরোপা। এর মধ্যে ছিল চ্যাম্পিয়নস লিগ ও দুটি লা লিগা।


নেইমারের ক্লাব ক্যারিয়ার শুরু হয় ব্রাজিলের সান্তোসে। ২০১৩ সালে তিনি যোগ দেন ইউরোপের অন্যতম সফল ক্লাব বার্সেলোনায়। সেখানে চার মৌসুমে দুর্দান্ত সাফল্যের পর ২০১৭ সালে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফারে প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি) পাড়ি জমান।


পিএসজিতে ছয় মৌসুম কাটিয়ে ২০২৩ সালে সৌদি আরবের আল-হিলালে যোগ দেন নেইমার। চোটের কারণে সেখানে প্রত্যাশামতো খেলতে পারেননি। ২০২৫ সালে আবার শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন তিনি।


বর্তমানে সান্তোসের সঙ্গে নেইমারের চুক্তি ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। এরপর নতুন চুক্তি না করলে ফ্রি এজেন্ট হয়ে যাবেন তিনি। তখন ইউরোপ, যুক্তরাষ্ট্র কিংবা সান্তোস—যেকোনো পথ বেছে নেওয়ার সুযোগ থাকবে তার।


ইন্টার মিয়ামিতে গেলে অবশ্য ফুটবলপ্রেমীদের সবচেয়ে বড় আকর্ষণ হবে মেসি-সুয়ারেজ-নেইমারের পুনর্মিলন। তবে আপাতত সেটি কেবল সম্ভাবনাই। নেইমার এখনো তার পরবর্তী গন্তব্য চূড়ান্ত করেননি।