News update
  • এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ     |     
  • জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর     |     
  • ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকার ঋণ আত্মসাতের অভিযোগে দুদকে মামলা     |     
  • এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ     |     
  • দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশে আবারও জাতীয় সংসদে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।     |     
আন্তর্জাতিক 2026-08-11, 12:10am

স্যুটকেসে ‘মরদেহ’, ফরেনসিকে মিলল সেক্স ডল!

australia-fb2a54d637484c4ca8adb2343237b89f1786385441.jpg

ছবি: সংগৃহীত


অস্ট্রেলিয়ার একটি গ্রামাঞ্চলে পরিত্যক্ত স্যুটকেস ঘিরে তৈরি হয়েছিল চাঞ্চল্য। স্যুটকেসের ভেতরে মানুষের মরদেহ রয়েছে—এমন আশঙ্কায় পুলিশকে খবর দেন দুই ব্যক্তি। খবর পেয়ে ঘটনাটিকে সম্ভাব্য হত্যাকাণ্ড ধরে তদন্ত শুরু করে পুলিশ।


ঘটনাটি ঘটেছে নিউ সাউথ ওয়েলসের ওলেনের কাছে। এলাকাটি সিডনি থেকে প্রায় ২৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। গত সপ্তাহে গাড়িতে করে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় দুই ব্যক্তি সড়কের পাশে একটি স্যুটকেস দেখতে পান। সন্দেহ হওয়ায় তারা পুলিশকে বিষয়টি জানান।


পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্যুটকেসটি পরীক্ষা করে। সম্ভাব্য মরদেহ উদ্ধারের বিষয়টি মাথায় রেখে সেখানে পাঠানো হয় গোয়েন্দা ও ফরেনসিক বিশেষজ্ঞদের। পরে স্যুটকেসটি পরীক্ষার জন্য পাঠানো হয়।


এরপরই বদলে যায় পুরো ঘটনা। সোমবার নিউ সাউথ ওয়েলস পুলিশ জানায়, স্যুটকেসের ভেতরে কোনো মানুষের মরদেহ ছিল না। সেখানে পাওয়া গেছে মানুষের মতো দেখতে অত্যন্ত বাস্তবসম্মত একটি সেক্স ডল।


অস্ট্রেলিয়ার সরকারি সম্প্রচারমাধ্যম এবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


নিউ সাউথ ওয়েলস পুলিশের সুপারিনটেনডেন্ট লিন্ডা ব্র্যাডবেরি বলেন, প্রথম দেখায় সেটিকে মানুষের মরদেহ বলেই মনে হয়েছিল। এতটাই বাস্তবসম্মত ছিল যে, পুলিশ ঘটনাটিকে সম্ভাব্য হত্যাকাণ্ড হিসেবে তদন্ত শুরু করে।


পুলিশের তথ্যমতে, পুতুলটির পরনে পোশাক ছিল। মাথায় ছিল চুল। নাকে ছিল পিয়ার্সিং। শরীরে থাকা কিছু দাগও কালশিটে ও আঁচড়ের মতো দেখাচ্ছিল। ফলে প্রথম দেখায় সেটিকে আহত বা নিহত মানুষের দেহ মনে হওয়া অস্বাভাবিক ছিল না।


ফরেনসিক পরীক্ষায় নিশ্চিত হওয়ার পর পুলিশ জানায়, এটি কোনো মানুষের দেহ নয়। তদন্তও শেষ করা হয়েছে।


ঘটনাটি নিয়ে পুলিশের কোনো অনুশোচনা নেই বলেও জানিয়েছেন সুপারিনটেনডেন্ট ব্র্যাডবেরি। তিনি বলেন, পুলিশ নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই তদন্ত করেছে।


এদিকে পুলিশকে খবর দেওয়া দুই ব্যক্তির সিদ্ধান্তের প্রশংসা করেছে কর্তৃপক্ষ। পুলিশ বলছে, তাদের কাছে বিষয়টি মানুষের মরদেহ বলেই মনে হয়েছিল। তাই পুলিশকে জানানোই ছিল সঠিক পদক্ষেপ।


পুলিশ জানিয়েছে, ঘটনাটি ওই দুই ব্যক্তির ওপর মানসিক প্রভাব ফেলেছে। তাদের সঙ্গে যোগাযোগ করে জানানো হবে যে, তারা যে ‘মরদেহ’ দেখেছিলেন, সেটি আসলে একটি বাস্তবসম্মত সেক্স ডল।


ফলে সম্ভাব্য হত্যাকাণ্ডের আশঙ্কা থেকে শুরু হওয়া তদন্ত শেষ পর্যন্ত পরিণত হয়েছে অদ্ভুত এক ভুল শনাক্তকরণের ঘটনায়।