News update
  • এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ     |     
  • দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশে আবারও জাতীয় সংসদে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।     |     
  • এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আজ      |     
  • ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যার বৃদ্ধি: ৬৭২ জন হাসপাতালে ভর্তি এবং ২ জনের মৃত্যু     |     
  • এলজিইডি প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনের প্রতিবাদ     |     
বঙ্গলোক রিপোর্ট স্বাস্থ্য ও চিকিৎসা 2026-08-01, 8:14pm

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা

measles-3cb0ab1c65a8fd72a7b1ef30cf4f7f361785593657.jpg


হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশের আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে দেশে মোট ৮৪০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে আরও ৮৭২ শিশু।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট, ময়মনসিংহ ও রংপুরে হামের উপসর্গ নিয়ে একজন করে শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৭৪৪ শিশু। এ ছাড়া হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে আরও ৯৬ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত এক সপ্তাহেও হাম ও হামের উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। এ সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে নতুন করে আক্রান্ত শিশুদের মধ্যে অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশেষ করে শিশুদের মধ্যে হামের উপসর্গ ছড়িয়ে পড়ায় চিকিৎসাসেবা নিতে হাসপাতালে আসা রোগীর চাপও রয়েছে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ৬১ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ সময়ে ১৬ হাজার ১৮০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ২৪১ জনে।
এ ছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১১ হাজার ৬৭৪ শিশু। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৭ হাজার ৩৯৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে প্রতিদিনের আক্রান্ত ও মৃত্যুর তথ্য প্রকাশ করা হচ্ছে। সর্বশেষ ২৪ ঘণ্টার তথ্যেও নতুন করে তিন শিশুর মৃত্যু এবং শত শত শিশুর আক্রান্ত হওয়ার তথ্য উঠে এসেছে।