News update
  • জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর     |     
  • ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকার ঋণ আত্মসাতের অভিযোগে দুদকে মামলা     |     
  • এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ     |     
  • দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশে আবারও জাতীয় সংসদে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।     |     
  • এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আজ      |     
বঙ্গলোক রিপোর্ট রাজধানী ও শহরতলী 2026-08-10, 11:41pm

জানা ছিল গতিপথ, যেভাবে ১ কোটি ২১ লাখ ছিনতাই

984989-af410c22657f17fd1e03e6e749fe359a1786383890.jpg


রাজধানীর উত্তরায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার সময় ডিএল পেট্রলপাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পেট্রলপাম্পের এক কর্মচারীকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে।


রোববার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর সড়কের ক্রাউন প্লাজার সামনে এ ঘটনা ঘটে। তিনটি মোটরসাইকেলে আসা ছয়-সাতজনের একটি দল অস্ত্রের মুখে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।


পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ডিএল পেট্রলপাম্পের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ আল আমিন, সিএনজি অপারেটর সেলিমুজ্জামান ও কাভার্ড ভ্যানচালক খোরশেদ টাকার ব্যাগ নিয়ে উত্তরা ১ নম্বর সেক্টরের পূবালী ব্যাংকে যাচ্ছিলেন।


ক্রাউন প্লাজার সামনে তাঁদের কাভার্ড ভ্যানের গতিরোধ করে ছিনতাইকারীরা। পরে পিস্তল দেখিয়ে তাঁদের ভয় দেখানো হয়। একপর্যায়ে আল আমিনকে চাপাতি দিয়ে কুপিয়ে টাকার ব্যাগ নিয়ে আবদুল্লাহপুরের দিকে পালিয়ে যায় ছিনতাইকারীরা।


আহত আল আমিনকে পরে স্থানীয় লোকজনের সহায়তায় বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়।


এ ঘটনায় পেট্রলপাম্পের ব্যবস্থাপক আবদুল করিম অজ্ঞাতনামা ছয়-সাতজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করেছেন। মামলায় ছিনতাই হওয়া টাকা পেট্রলপাম্পের বলে উল্লেখ করা হয়েছে।


তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রতিদিন একই সময়ে পেট্রলপাম্প থেকে টাকা ব্যাংকে নেওয়া হতো। ছিনতাইকারীরা আগে থেকেই এই তথ্য জানত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ফলে ঘটনার সঙ্গে পেট্রলপাম্পের ভেতরের কারও সম্পৃক্ততা ছিল কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে।


বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান তালুকদার বলেন, ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার তারেক আহমেদ বেগ বলেন, ছিনতাইয়ে জড়িত একাধিক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।


উত্তরার ডিএল পেট্রলপাম্পটির মালিক তাসীন আক্তার হক। তার মা প্রয়াত খুরশীদ জাহান হক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় বোন।